দুদকের প্রতিবেদন বিশ্বাস করে না সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিক ব্যাংকে অনিয়ম
বেসিক ব্যাংকে অনিয়ম

রাষ্ট্রমালিকানাধীন বেসিক ব্যাংকের প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা আত্মসাৎ-সম্পর্কিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান প্রতিবেদন বিশ্বাস করে না অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বলেছে, হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। অথচ ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান বা পরিচালনা পর্ষদ কিছুই জানবেন না—এটা বিশ্বাস করা যায় না।
সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে গতকাল বুধবার বেসিক ব্যাংক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, দুদকের তদন্ত কর্মকর্তারা ফেরেশতা নন। তাই টাকা লুটের ঘটনা-সম্পর্কিত সব তথ্য কমিটির আগামী বৈঠকে উপস্থাপনের জন্য বেসিক ব্যাংককে বলা হয়েছে। তথ্য পাওয়ার পর কমিটি সেটি পর্যালোচনা করে প্রয়োজনে নতুন করে তদন্ত করবে এবং তা জনসমক্ষে প্রকাশ করবে।
গতকালের বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বেসিক ব্যাংক নিয়ে দুদকের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন। বৈঠক সূত্র জানায়, তিনি এ সময় বলেন যে বেসিক ব্যাংকে ডাকাতি হয়নি, লুট হয়েছে। লুটেরারা বস্তা ভরে ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে। দুদক তাদের তদন্তে ব্যাংকের পরিচালনা পর্ষদের কোনো অপরাধ খুঁজে পায়নি। তাদের এই তদন্ত সঠিক বলে মনে হয় না। তাই প্রচলিত আইনে পর্ষদ কী অপরাধ করেছে, সেটা কমিটিকে জানতে হবে।
বেসিক ব্যাংকের অভিযুক্ত সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ২০১৪ সালের ৬ জুলাই পদত্যাগ করেন। এরপর বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন করে গঠন করা হয়। সম্প্রতি দুদকের অনুসন্ধানী দল ব্যাংকটির অর্থ আত্মসাৎ নিয়ে প্রতিবেদন জমা দিয়েছে। তবে দুদক কমিশন এখনো তা অনুমোদন করেনি। জানা যায়, প্রতিবেদনে চেয়ারম্যান আবদুল হাইকে রেহাই দিয়ে সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করা হয়েছে।
আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, দুদক এখনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি। কিন্তু কমিটি পত্রপত্রিকার মাধ্যমে জেনেছে যে সাবেক চেয়ারম্যানকে অব্যাহতি দিয়ে দুদক প্রতিবেদন চূড়ান্ত করেছে। বিষয়টি এমন হলে তা গ্রহণযোগ্য হবে না। কারণ, হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, অথচ ব্যাংকের পরিচালনা পর্ষদ তা জানবে না, এ অবিশ্বাস্য।
বৈঠকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে লিখিতভাবে জানানো হয়েছে, বেসিক ব্যাংক ঋণগ্রহীতাদের ব্যবসা যাচাই না করে জামানত ছাড়া, ক্ষেত্রবিশেষে জাল দলিল জামানত হিসেবে গ্রহণ করে ঋণ অনুমোদন করেছে। এসব ক্ষেত্রে ঋণ কমিটির মতামত উপেক্ষা করা হয়েছে। অন্য ব্যাংকের শ্রেণীকৃত ঋণ কেনা হয়েছে। অনিয়মিত ঋণ বিতরণের জন্য উচ্চ সুদে আমানত গ্রহণ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঋণ নেওয়া অনেক প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু প্রতিষ্ঠানকে খুঁজে বের করে ঋণ নেওয়ার বিষয়টি নিয়মিত করে টাকা আদায়ের ব্যবস্থা করা হয়েছে। তবে ৭৭টি প্রতিষ্ঠান ব্যাংকের তাগিদে এখনো সাড়া দিচ্ছে না।
বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের বিষয়টি দুটি নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করিয়ে সেই প্রতিবেদন বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও দুদকে পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। তারা আরও বলেছে, নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই জাল সনদপত্রের মাধ্যমে ব্যাংকে অপ্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এঁদের মধ্যে পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আত্মীয়স্বজনও আছেন। বর্তমানে ৬৮টি শাখায় ২ হাজার ১৯৭ জন জনবল কর্মরত আছেন। অর্থনৈতিক গুরুত্ব যাচাই না করে পছন্দের জায়গায় ব্যাংকের নতুন শাখা খোলা হয়। অপ্রয়োজনে গাড়ি কেনা হয়। জমির মালিকানা নিশ্চিত না হয়ে ৭৬ কোটি টাকা দিয়ে জামান বেসিক টাওয়ার কেনা হয়েছে, যা এখনো দখলে নেওয়া সম্ভব হয়নি।
আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী ছাড়াও অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ নাজমুল হাসান, টিপু মুন্সি, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, শওকত চৌধুরী উপস্থিত ছিলেন।