দুদকের প্রতিবেদন যাচ্ছে বিশ্বব্যাংকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার পুলিশের তথ্য হাতে পেলেই মামলা বা তদন্তের অগ্রগতি সম্ভব বলে বিশ্বব্যাংককে জানাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে এক বছরের করা তদন্ত প্রতিবেদন বিশ্বব্যাংকের কাছে পাঠানো হচ্ছে আজ মঙ্গলবার। বিশ্বব্যাংক মনোনীত তিন বিশেষজ্ঞ প্রতিনিধিদলের পরামর্শ অনুযায়ী দুদক এই প্রতিবেদন প্রস্তুত করেছে। এতে বিশেষজ্ঞ দলের চাহিদা ও প্রশ্ন অনুযায়ী পদ্মা সেতু প্রকল্প বিষয়ে বিভিন্ন অনুসন্ধানের ব্যাখ্যা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত থাকছে।এ বিষয়ে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘বিশ্বব্যাংকের প্যানেল যেসব তথ্য চেয়েছে, আমরা সবকিছু পাঠিয়ে দেব। এ পর্যন্ত যা কিছু পেয়েছি, তা-ই পাঠানো হবে।’১৪ অক্টোবর বিশেষজ্ঞ দলটি ঢাকায় এসে পর পর দুই দফা বৈঠক করে তাদের তদন্তকাজ পর্যবেক্ষণ করে কিছু দিকনির্দেশনা দেয়। সেই অনুযায়ী দুদক প্রতিবেদন তৈরি করে বিশ্বব্যাংকের কাছে পাঠাচ্ছে বলে জানিয়েছে দুদক সূত্র। তবে প্রতিবেদনে দুদকের পক্ষ থেকে শুরুতেই বলা হয়েছে, কানাডা পুলিশের কাছ থেকে দুর্নীতির তথ্য পেলে দুদকের পক্ষে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করাসহ তদন্তকাজ অনেক সহজতর হবে। এ বিষয়ে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছে দুদক কর্তৃপক্ষ। দুদক সূত্র জানায়, বিশ্বব্যাংকের চাহিদা অনুযায়ী, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনসহ ২৯ জনকে জিজ্ঞাসাবাদ করার পর তাঁদের কথোপকথনের রেকর্ডও পাঠানো হচ্ছে প্রতিবেদনের সঙ্গে। পাশাপাশি এই দুর্নীতির সঙ্গে সম্পর্কযুক্ত কোনো ধরনের বৈঠক বা যেকোনো ধরনের অভ্যন্তরীণ যোগাযোগ বা দালিলিক প্রমাণ যদি বিশ্বব্যাংকের কাছে থাকে, প্রয়োজনীয় আইনি পরামর্শ, যদি এ বিষয়ে সরকারের কোনো উচ্চপদস্থ ব্যক্তি, উপদেষ্টা বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সম্পৃক্ততা, কোনো ধরনের অনুসন্ধান হয়ে থাকলে তার সারাংশ, প্রত্যক্ষদর্শীর কাছ থেকে পাওয়া কোনো ধরনের প্রমাণ, অনুসন্ধানের কৌশল, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের কৌশল কিংবা অনুসন্ধানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ধরনের যোগাযোগ পাওয়া যাবে কি না, তা জানতে চেয়েছে দুদক কর্তৃপক্ষ। কানাডার তথ্য হাতে পেলে দুদকের অনুসন্ধান দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কী হবে, তা-ও প্রতিবেদনে উল্লেখ থাকছে। এ বিষয়ে গোলাম রহমান বলেন, ‘বিশ্বব্যাংক আমাদের প্রতিবেদনে সন্তুষ্ট হলে সংকট সহসাই মিটে যাবে।’ এর আগে গত রোববার বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, দুদকের তদন্ত প্রতিবেদনের জন্য তাঁদের অপেক্ষা করতে হবে। তিনি দুর্নীতির তদন্ত ও বাস্তবায়ন একসঙ্গে হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন।এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে গোলাম রহমান বলেন, ‘আমিও মনে করি, অভিযোগের তদন্ত এবং সেতুর জন্য বিশ্বব্যাংকের ঋণচুক্তি পুনর্বহাল ও অর্থ ছাড়সহ সেতু বাস্তবায়নের যাবতীয় কাজ একসঙ্গে চলতে পারে।’এদিকে দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র প্রথম আলোকে জানায়, বিশ্বব্যাংকের কাছে যে প্রতিবেদন পাঠানো হচ্ছে, তাতে দুর্নীতির কোনো তথ্য না পাওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুদক থেকে দফায় দফায় চিঠি দেওয়া, ই-মেইলে যোগাযোগ করার পরও কানাডিয়ান কর্তৃপক্ষ এখনো কোনো সাড়া দেয়নি। এ অবস্থায় দুদকের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কানাডায় গিয়ে ঘুষের তথ্য সংগ্রহ ও লাভালিনের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে বিশ্বব্যাংকের তিন সদস্যের প্যানেলের পরামর্শ অনুযায়ী দুর্নীতির অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সংসদের হুইপ নূরে আলম চৌধুরীর ভাই নিক্সন চৌধুরী, সেতু বিভাগের সাবেক সচিবসহ ১৫ থেকে ২০ জনকে ঈদের পরপরই পুনরায় জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে দুদকের অনুসন্ধান দল।