দুদকের ফাঁদে তেজগাঁও সিএসডির কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে একজন রেশনিং কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দদুক)। গতকাল বুধবার বিকেলে তাঁর দপ্তর থেকে তাঁকে গ্রেপ্তার করে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল।
গ্রেপ্তার ওই কর্মকর্তার নাম মোসাম্মত বিউটি বেগম। তিনি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় খাদ্য গুদামের (সিএসডি) এরিয়া রেশনিং কর্মকর্তা। দুদক সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় সরকারের ওএমএস (ট্রাক সেল) পদ্ধতির তিনটি ডিলারশিপ পরিচালনা করেন মোস্তফা নামের এক ব্যক্তি। তিনি অভিযোগ করেন, সিএসডির রেশনিং কর্মকর্তা বিউটি বেগমের কাছে পাঁচটি ডিও ইস্যুর জন্য পাঁচটি ট্রেজারি চালান জমা দেন। কিন্তু ওই রেশনিং কর্মকর্তা প্রতিটি ডিওর জন্য ১০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ বিষয়ে দুদকে অভিযোগ করেন মোস্তফা।
সূত্র জানায়, অভিযোগ পাওয়ার পর সব আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য দুদকের ১২ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়। গতকাল বুধবার বিকেল থেকে বিশেষ দলের সদস্যরা সিএসডি কার্যালয়ের চারপাশে ওত পেতে থাকেন। বেলা ৩টা ৪০ মিনিটের সময় বিউটি বেগমকে তাঁর দপ্তর থেকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে আরও ৫২ হাজার ৯০০ টাকা পাওয়া যায়।