দুদকের ফাঁদে ধরা পড়লেন মিরপুর থানার এসআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষের টাকাসহ হাতেনাতে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল হাসানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটি মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য তিনি মামলার বাদীর কাছে ঘুষ চেয়েছিলেন বলে দুদকের কাছে অভিযোগ করেছিলেন বাদী। পরে দুদক ফাঁদ পেতে রকিবুলকে আটক করে।দুদকের ঢাকা বিভাগের পরিচালক মেজর আবু জাফর তৌফিক আহমেদ প্রথম আলোকে জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁদের একটি দল মিরপুর হার্ট ফাউন্ডেশনের সামন থেকে রকিবুলকে আটক করে। এ সময় মামলার বাদীর কাছ থেকে টাকা নিচ্ছিলেন রকিবুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে থানায় হস্তান্তর করা হয়নি।অবশ্য মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলীর কাছে জানতে চাইলে তিনি অন্য কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি একজন নারী আদালতে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে একটি নালিশ আবেদন জানিয়েছেন। আদালত ঘটনাটি মামলা হিসেবে লিপিবদ্ধ করতে থানাকে নির্দেশ দেন। এসআই রকিবুল ওই মামলা তদন্ত করছিলেন। পরে মামলার বাদী একজনকে ধরিয়ে দেন। কিন্তু তাঁর নাম এজাহারে ছিল না। পরে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। এতে বাদী ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে হয়তো তিনি দুদকে গিয়েছেন।এক প্রশ্নের জবাবে ওয়াজেদ আলী জানান, রকিবুলকে এখনো তাঁদের হাতে হস্তান্তর করেনি দুদক।