দুদকের বিদায়ী চেয়ারম্যানকে নিয়ে করা রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিদায়ী চেয়ারম্যান গোলাম রহমানকে নিয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। দায়িত্ব পালনকালে তাঁর ওই পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।
গত ২৩ জুন দুদকের চেয়ারম্যানের পদ থেকে বিদায় নেন গোলাম রহমান। ২০০৯ সালের ২৪ জুন তিনি এ পদে যোগ দিয়েছিলেন। দুদক চেয়ারম্যানের পদে তাঁর থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী মির্জা আল মাহমুদ ৯ জুন রিট আবেদন করেন। শুনানি নিয়ে ১১ জুন হাইকোর্ট রুল জারি করেন। এর ওপর শুনানি শেষ হলে ৮ জুলাই রায়ের তারিখ ধার্য থাকলেও আজ আদালত এ রায় দেন।
রিটের পক্ষে আইনজীবী এম বদরুদ্দোজা এবং দুদকের পক্ষে আইনজীবী আনিসুল হক ও খুরশীদ আলম খান শুনানি করেন।
আজ রায় শেষে খুরশীদ আলম খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আদালত রিট খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দিয়েছেন। যোগদানের তারিখ থেকে তাঁর চার বছরের মেয়াদ গণনা হবে।’
রিটের শুনানিকালে দুদক চেয়ারম্যান হিসেবে গোলাম রহমানের নিয়োগ, দুদকে যোগদান ও এনার্জি রেগুলেটরি কমিশন থেকে পদত্যাগপত্র, বেতনভাতা-সংক্রান্ত নথিপত্র তুলে ধরে দুদকের আইনজীবী বলেন, আইনে দুদকের কোনো কার্যক্রমে অস্পষ্টতা দেখা দিলে তার ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে।
এনার্জি রেগুলেটরি কমিশনের পদ থেকে তিনি অব্যাহতি দিয়ে ২০০৯ সালের ২৪ জুন দুদকে যোগ দেন। দুদক আইনের ৬ (৩) ধারা ও ১০ ধারাকে একসঙ্গে মিলিয়ে পড়লে দেখা যায়, দুদকের কমিশনার ও চেয়ারম্যানের পদ আলাদা। তাহলে দুদক আইনের ৬ (৩) ধারা চেয়ারম্যানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি বলেন, গোলাম রহমান ২০০৯ সালের ২ মে থেকে ২৩ জুন পর্যন্ত দুদকে যোগ দেননি। ২৪ জুন যোগ দিয়েছেন। তাই এদিন থেকে চার বছর গণনা হবে।
রিট আবেদনকারীর আইনজীবী বলেছিলেন, আইনের ব্যাখ্যা মন্ত্রিপরিষদ দিতে পারে না। নিয়োগের দিন থেকে তা কার্যকর হবে আইনে স্পষ্ট বলা আছে।
দুদক চেয়ারম্যান হিসেবে গোলাম রহমানের নিয়োগপত্রে বলা হয়েছে, ২০০৯ সালের ২ মে থেকে এ নিয়োগ কার্যকর হবে। আইন অনুযায়ী নিয়োগ কার্যকরের তারিখ থেকে চার বছর হিসাবে তাঁর মেয়াদ ১ মে শেষ হওয়ার কথা। তিনি এখনো ওই পদে বহাল রয়েছেন, যা বেআইনি ও অবৈধ।