দুদকের বিরুদ্ধে রাজউক কর্মীদের বিক্ষোভে সুজনের উদ্বেগ
অর্থ আত্মসাতের মামলায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক (দুদক) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দুই প্রকৌশলী গ্রেপ্তারের পর দুদকের বিরুদ্ধে রাজউক কর্মীদের বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
গতকাল শনিবার এই নাগরিক সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার ও সভাপতি এম হাফিজউদ্দিন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হওয়ার পরও রাজউক কর্মীদের এ বিক্ষোভ সরকারঘোষিত সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতি অনাস্থার পরিচায়ক।
গত ২৯ আগস্ট সোমবার রাতে রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ছাইদুর রহমান এবং রাজউকের নির্বাহী প্রকৌশলী, গুলশান-বনানী-বারিধারা ও উত্তরা লেক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করে দুদক।
দুই প্রকৌশলীকে গ্রেপ্তারের পরদিন থেকেই রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করতে থাকেন। বিজ্ঞপ্তি।