দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, তাঁর প্রতিষ্ঠানের লোকজনের বিরুদ্ধেও ঘুষ খেয়ে অন্যায়ভাবে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তিনি পান। বরিশালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার সকালে বরিশাল বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মাঠপর্যায়ে দুর্নীতি প্রতিরোধবিষয়ক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ পাই। দুদকের লোকজন ঘুষ খেয়ে অন্যায়ভাবে মামলায় ফাঁসিয়ে দেয়, ভয় দেখায়, দুর্ব্যবহার করে, ডেকে নিয়ে অহেতুক ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখে। আমরা কোনো কিছুই লুকাই না। এখন আর কোনো কিছু লুকানোর সময় নেই। পুলিশের বিরুদ্ধে অভিযোগ আছে। টেন্ডার পাওয়ার পর কাজ না করে বিল তুলে নেওয়ার অভিযোগ আছে।’
ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতির মামলা একটি ক্যানসারের মতো। মামলার কারণে নিজের জীবন ও একটি পরিবার ধ্বংস হয়ে যায়। আমরা চাই, সরকারি দপ্তরের কর্মকর্তারা তাঁদের কাজটা সঠিকভাবে করুক। তাহলে দুর্নীতির অভিযোগে মামলা করতে হবে না।’