দুদকের মহাপরিচালক পদে যোগ দিলেন মুনীর চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুনীর চৌধুরী
মুনীর চৌধুরী

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে যোগ দিয়েছেন আলোচিত সরকারি কর্মকর্তা যুগ্ম সচিব মোহাম্মদ মুনীর চৌধুরী। ঈদের ছুটির পর গত বৃহস্পতিবার যোগদান করলেও গতকাল রোববার থেকে তিনি মহাপরিচালক হিসেবে দুদকে বসেছেন।
দুদকে মুনীর চৌধুরীর নিয়োগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তাঁর এই নিয়োগকে সরকারের দুর্নীতিবিরোধী মনোভাবের প্রতিফলন হিসেবে দেখছে নাগরিক সমাজ।
মুনীর চৌধুরী এর আগে বন্দর, পরিবেশ, জনস্বাস্থ্য, ভূমি এবং বিদ্যুৎ খাতে দায়িত্ব পালনের সময় সরকারি সম্পদ উদ্ধার ও রাজস্ব আদায় করে ব্যাপক আলোচিত হন। চট্টগ্রাম বন্দর, পরিবেশ অধিদপ্তর, সমুদ্র পরিবহন অধিদপ্তর, মিল্ক ভিটা ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানিতে (ডিপিডিসি) দায়িত্ব পালনের সময় তাঁর দুর্নীতিবিরোধী অভিযানে প্রায় ৪ হাজার কোটি টাকার ভূমি সম্পদ উদ্ধার ও রাজস্ব আদায় সম্ভব হয়। ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্স-প্রধান হিসেবে রাজধানী ও নারায়ণগঞ্জে বিদ্যুৎ চুরি ধরে তিনি প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা আদায় করেন।