প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতারণা, জালিয়াতি ও রাজস্ব ফাঁকির মাধ্যমে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুরে দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক এম এইচ রহমউল্লাহ বাদী হয়ে বন্দর থানায় মামলাটি করেন। যাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাঁরা হলেন আমদানিকারকের পক্ষে পণ্য খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স আরপি ট্রেডার্সের মালিক আবদুর রহিম ও তাঁর ছেলে ইফতেখার আহমেদ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালে আসামিরা পরস্পরের যোগসাজশে জালিয়াতি, প্রতারণা ও জাল কাগজপত্রের মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স পাশা ডেনিমস লিমিটেডের নামে ঘোষিত আমদানিকৃত প্রায় ৬৮ লাখ টাকার কাপড় অবৈধভাবে খালাস করে নিয়ে যায়। একইসঙ্গে তাঁরা বন্ডেড সুবিধার আওতায় সরকারকে ৮২ লাখ টাকারও বেশি রাজস্ব ফাঁকি দিয়েছে।