দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাসময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত হওয়া এক কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই কর্মকর্তা একটি খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাঁর নাম মো. আনোয়ার হোসেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের এসএএস সুপার ছিলেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার অনুমোদনের বিষয়টি গতকাল রোববার প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিগগির মামলাটি দায়ের করা হবে। দুদক সূত্র জানায়, জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে আনোয়ার হোসেনকে সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি তা দাখিল করেননি। তাই কমিশন তাঁর বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলার অনুমোদন দেয়।