দুদকের মামলা থেকে অব্যাহতি পেলেন বিসিক চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান আহমদ হোসেন খানকে অর্থ আত্মসাতের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার তাঁর বিরুদ্ধে অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তির বিষয়টির অনুমোদন দেওয়া হয় বলে দুদক সূত্র জানিয়েছে।
আহমদ হোসেন খানসহ দুজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলাটিও করেছিল দুদক।
মামলার এজাহার ও দুদকে আসা অভিযোগে বলা রয়েছে, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক থাকাকালে আহমদ হোসেন খান বিদেশ ভ্রমণের সময় অবৈধভাবে স্ত্রী ও ছেলের বিমানভাড়া বাবদ ৮৯ হাজার ৮৭৪ টাকার সুবিধা নিয়েছেন। বিশ্বব্যাংকের অর্থায়ন করা একটি প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান ‘স্থপতি সংসদ লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন খানের কাছ থেকে তিনি এ সুবিধা নেন। পরবর্তী সময়ে প্রকল্পের বরাদ্দ থেকে মহাপরিচালকের নামে বিমানভাড়া বাবদ আরও ৪৩ হাজার ৪৬৯ টাকা তুলে আত্মসাৎ করেন মহিউদ্দিন খান।
দুদকের উপপরিচালক এস এম মফিদুল ইসলাম গত ৯ জুন এই দুজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিনকে। তদন্ত শেষে আহমদ হোসেন খান ও মহিউদ্দিন খানকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতির বিষয়ে দুদকের সূত্রটি জানায়, পরামর্শক প্রতিষ্ঠানের দায়িত্ব ছিল তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার। অর্থ আত্মসাতের অভিযোগটি ছিল মূলত পরামর্শক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তদন্তের সময় পরামর্শক প্রতিষ্ঠানটি বিমানভাড়া বাবদ ৪৩ হাজার ৪৬৯ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ায় তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র না দিয়ে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় দুদক।
আহমদ হোসেন খান ২০১৪ সালের সেপ্টেম্বরে বিসিকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।
তিন বছরের নথিপত্র তলব: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুর্নীতি অনুসন্ধানে তাদের বিভিন্ন প্রকল্পের গত তিন বছরের সব নথিপত্র চেয়েছে দুদক। গতকাল এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন দুদকের উপপরিচালক ও প্রাতিষ্ঠানিক অনুসন্ধান দলের প্রধান মাহবুবুল আলম।
চিঠিতে তিন বছরে নেওয়া প্রকল্পগুলোর নাম এবং প্রাক্কলিত মূল্য, বরাদ্দ অর্থের পরিমাণ, শেষ হওয়া কাজের পরিমাণ, পরিশোধিত বিলের পরিমাণ, সংশোধিত বা আবারও বরাদ্দ করা প্রকল্প ব্যয়ের পরিমাণসহ সব তথ্য ২৯ মার্চের মধ্যে দুদকে পাঠাতে অনুরোধ করা হয়েছে।