দুদকের মামলা বাতিল চেয়ে প্রদীপের আবেদন খারিজ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলা বাতিল চেয়ে টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের আবেদন উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার।
২০২০ সালের ২৩ আগস্ট প্রদীপ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ওই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় গত বছরের ২৬ জুলাই প্রদীপ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এ মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর চট্টগ্রামের আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। এ অবস্থায় মামলাটি বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন তিনি।
আদালতে প্রদীপের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে মুনসুরুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আদালত আবেদনটি বিবেচনা না করার কথা জানালে, তা প্রত্যাহার করে নেওয়ার কথা বলি। পরে আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।’
২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফের বাহারছড়া তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় মামলা করেন তাঁর বোন। এই মামলায় বিচারিক আদালতের দেওয়া রায়ে প্রদীপের মৃত্যুদণ্ড হয়। ওই বছরের ৬ আগস্ট থেকে কারাগারে প্রদীপ।