দুদকের মামলা স্থগিত চেয়ে মোশাররফের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত ও পুনরায় তদন্ত চেয়ে তাঁর করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এতে বিচারিক আদালতে স্বাভাবিক নিয়মে মামলার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি আইনজীবী খুরশীদ আলম খান।

আদালতে খন্দকার মোশাররফের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও খন্দকার মারুফ হোসেন। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন দুদক কৌঁসুলি আইনজীবী খুরশীদ আলম খান। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন মোশাররফের আইনজীবী খন্দকার মারুফ হোসেন।

আইনজীবী সূত্র বলেছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের জানুয়ারিতে মোশাররফ হোসেনের বিরুদ্ধে রমনা থানায় দুদক ওই মামলাটি করে। মামলায় একই বছরের নভেম্বরে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র ত্রুটিপূর্ণ দাবি করে পুনরায় তদন্ত চেয়ে বিচারিক আদালতে আবেদন করেন খন্দকার মোশাররফ। আবেদনটি গত বছরের ডিসেম্বরে খারিজ হয়। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন খন্দকার মোশাররফ যা আজ শুনানির পর খারিজ হলো।