দুদকের মামলায় খোকার বিরুদ্ধে বিচার শুরু
বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার অনুপস্থিতিতেই তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক গতকাল বৃহস্পতিবার এ অভিযোগ গঠন করেন।
অভিযোগ গঠনের মধ্য দিয়ে সাদেক হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলার বিচার শুরু হলো। আদালত আগামী ১৬ নভেম্বর এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
সাদেক হোসেনের আইনজীবী মহসিন মিয়া গতকাল এক আবেদনের মাধ্যমে আদালতে বলেন, সাদেক হোসেন বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি মুলতবি রাখার আবেদন জানান আইনজীবী।
শুনানিতে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন আদালতে বলেন, আসামির অনুপস্থিতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি না করেও শুনানির সুযোগ রয়েছে। তাই সাদেক হোসেনকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠনে আইনগত কোনো বাধা নেই।
শুনানি শেষে আদালত সাদেক হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
জ্ঞাত আয়বহির্ভূত নয় কোটি ৭৬ লাখ ২৮ হাজার টাকার সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ২ এপ্রিল রাজধানীর রমনা থানায় দুদক এ মামলা করে। তদন্ত শেষে দুদক ওই বছরের ১ জুলাই সাদেক হোসেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা সাদেক হোসেনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। তবে তাঁর স্ত্রী ইসমত আরার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে।
এ বিষয়ে আইনজীবী মোশাররফ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার কার্যক্রম স্থগিত ছিল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাদেক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশনা দিয়েছেন। তাই তাঁর অনুপস্থিতিতে অভিযোগ গঠন করা হলেও তাঁর বিরুদ্ধে কোনো পরোয়ানা জারি করা হয়নি।
দুদকের পক্ষে শুনানিতে আরও অংশ নেন মাহমুদ হোসেন, তাপস কুমার পাল, রেজাউল করিম।