দুদকের মামলায় বদির রিমান্ড শুনানি ২৮ অক্টোবর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে রিমান্ডের আবেদনের শুনানি ২৮ অক্টোবর ধার্য করেছেন আদালত।
আজ রোববার ঢাকা মহানগর হাকিম এস এম আসিকুর রহমান এ তারিখ ধার্য করেন।
১৯ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আতাউল হকের আদালতে দুদকের উপপরিচালক মনজুর মোরশেদ মামলার সুষ্ঠু তদন্তের জন্য বদির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আজ রিমান্ডের বিষয়ে শুনানি দিন ধার্য ছিল।
কিন্তু হরতালের কারণে বদিকে কারাগার থেকে আদালতে হাজির করতে না পারায় সময়ের আবেদন করেন দুদকের আইনজীবী কবির হোসেন। আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।
১২ অক্টোবর বদি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।
মামলা সূত্রে জানা যায়, বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন। এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানোর অভিযোগে দুদকের উপপরিচালক মো. আবদুস সোবহান রমনা থানায় ২১ আগস্ট মামলাটি করেন।