দুদকের মামলায় মামুনের খালাসের রায় বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মামলাটি আবার হাইকোর্টে শুনানির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিলের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল রোববার এই আদেশ দেন।
আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ২০১২ সালের ৩০ জুলাই হাইকোর্ট মামুনকে খালাস দিয়েছিলেন। আপিল বিভাগ কয়েকটি পর্যবেক্ষণসহ মামলাটি পুনঃশুনানির জন্য হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে মামুনের বিরুদ্ধে ১০১ কোটি ৭৩ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগ এনে মামলাটি করে দুদক। ওই বছর ২৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৮ সালের ২৭ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত মামুনকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মামুন। ২০১২ সালে হাইকোর্ট তাঁকে খালাস দেন।