দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় শরীয়তপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সিসহ নয় ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আবদুর রব মুন্সি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতিরও সভাপতি। তাঁর মুক্তির দাবিতে সমিতি গতকাল বেলা তিনটা থেকে জেলায় বাস ধর্মঘট ডেকেছে। এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা চট্টগ্রাম-খুলনা মহাসড়কের শরীয়তপুরের আঙ্গারিয়া, বুড়িরহাট ও মনোহর বাজার এলাকায় সড়ক অবরোধ করে রাখেন। সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।
গতকাল বুধবার মামলার নয়জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ১০ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা থেকে আবদুর রব মুন্সিকে পৌরসভার মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।
গতকাল জেলা ও দায়রা জজ এবং জ্যেষ্ঠ বিশেষ জজ আতাউর রহমান বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রব মুন্সি, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম হাওলাদার, আইউব আলী মল্লিক, আবদুল কুদ্দুস মোল্যা, সুজন সাহা, সংগীতা সাহা, রণজিৎ কুমার সাহা ও জমিগ্রহীতা জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সদর উপজেলার আঙ্গারিয়া উচ্চবিদ্যালয়ের ৩ একর ৭১ শতাংশ জমি বিক্রি করা হয়। সরকারি হিসাব অনুযায়ী যার সর্বনিম্ন বাজারদর ছিল ৪ কোটি ৫৭ লাখ ৪২ হাজার ৪৪৫ টাকা। কিন্তু জে সরদার করপোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি মাত্র ১ কোটি ৫০ লাখ টাকায় জমিটি বিক্রি করে। ২০১২ সালের ৩০ ডিসেম্বর প্রধান শিক্ষক আনোয়ার হোসেন দাতা হিসেবে জে সরদার করপোরেশনের মালিক জাহাঙ্গীর আলম ও তাঁর ভাই আবদুস সালামের নামে জমিটি লিখে দেন। দলিলে জমি বিক্রির টাকা বুঝে পেয়ে জমি বুঝিয়ে দেওয়ার কথা উল্লেখ থাকলেও বিদ্যালয়ের তহবিলে কোনো টাকা জমা দেওয়া হয়নি। দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর আঞ্চলিক কার্যালয় বিষয়টি তদন্ত করে।
গত বছরের ৬ আগস্ট দুদকের উপরিচালক মলয় কুমার সাহা বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক গাজী মো. শামসুল আরেফিন তদন্ত শেষে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রব মুন্সি, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কমিটির সদস্য চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম হাওলাদারসহ মজিবুর রহমান হাওলাদার, আইউব আলী মল্লিক, আবদুল কুদ্দুস মোল্যা, বেগম আলফাতুন্নেছা, সুজন সাহা, সংগীতা সাহা, রণজিৎ কুমার সাহা, জমিগ্রহীতা জাহাঙ্গীর আলম ও আবদুস সালামকে অভিযুক্ত করে গত ২৮ মে শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।