দুদকের মামলায়ও ইজাহারকে গ্রেপ্তার দেখানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ ওঠায় দুদক ২০১৩ সালের ৪ জুলাই মুফতি ইজাহারকে নোটিশ দেয়

নেজামে ইসলামী পার্টির সভাপতি ও ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ অমান্য করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মুফতি ইজাহার।

দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দুদকের নোটিশ অমান্য করার অভিযোগের মামলায় মুফতি ইজাহারের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। কিন্তু তিনি এত দিন পলাতক থাকায় এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো যায়নি। ১০ আগস্ট তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে বুধবার শুনানি শেষে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। একই সঙ্গে প লাতক থাকা অবস্থায় অভিযোগ গঠন হওয়ায় মুফতি ইজাহারের বিরুদ্ধে আনা অভিযাগও পড়ে শোনানো হয়। পরে মামলার সাক্ষী সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ও লিয়াকত আলীর সাক্ষ্য নেওয়া হয়। পরে আদালত আগামী ৭ সেপ্টেম্বর মামলার শুনানির পরবর্তী দিন ধার্য রাখেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ ওঠায় দুদক ২০১৩ সালের ৪ জুলাই মুফতি ইজাহারকে নোটিশ দেয়। তিনি নোটিশের জবাব না দেওয়ায় পরে তা নগরের লালখান বাজার এলাকায় তাঁর বাসার সামনে টাঙিয়ে দেওয়া হয়। এরপরও কোনো জবাব না দেওয়ায় ওই বছরের ১৭ সেপ্টেম্বর নোটিশ অমান্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক সিরাজুল হক। এই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
৭ আগস্ট মুফতি ইজাহারকে লালখান বাজারে অবস্থিত জামিয়াতুল উলুম ইসলামিয়া নামের তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। তাঁর বিরুদ্ধে ওই মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় হত্যা, বিস্ফোরক ও অ্যাসিড আইনে পৃথক তিনটি মামলা বিচারাধীন।
এদিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন হত্যা মামলায় মুফতি ইজাহারের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। গতকাল শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।