দুদকের মামলায় অভিযুক্ত ব্যক্তি সিডিএর সদস্য

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অর্থ আত্মসাতের ঘটনায় তিনি দুদকের মামলায় অভিযুক্ত। অথচ তাঁকেই ওই সংস্থার সদস্য করা হয়েছে।
এই তিনি হলেন ইউনুস গণি চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের অত্যন্ত ঘনিষ্ঠ বলে তিনি পরিচিত। চউক এই মন্ত্রণালয়ের অধীন।
কেবল অর্থ আত্মসাতের অভিযোগ নয়, দ্বিতীয়বারের মতো চউকের অধ্যাদেশ লঙ্ঘন করে ইউনুসকে নিয়োগ দেওয়া হয়েছে।
ইউনুস গণি ছাড়া চট্টগ্রামের আওয়ামী লীগ ও যুবলীগের আরও তিনজনকে তিন বছরের জন্য চউকের বোর্ড সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁরা হলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি এ এম টিপু সুলতান চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন। জসিম উদ্দিনের গ্রামের বাড়ি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর নির্বাচনী এলাকা মিরসরাইয়ে।
৪ মে এই নিয়োগের বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই রয়েছে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শ্যামলী নবীর। তবে গত বৃহস্পতিবার পর্যন্ত এই প্রজ্ঞাপন হাতে পাননি বলে জানান চউক চেয়ারম্যান আবদুচ ছালাম ও সচিব তাহেরা ফেরদৌস বেগম।
দুদকের অভিযোগপত্র: ইউনুস গণি চৌধুরীর ঠিকাদারি প্রতিষ্ঠান বিল্ডটেক অ্যাসোসিয়েটসের বিরুদ্ধে নগরের কালুরঘাট সড়কের উন্নয়ন ও সম্প্রসারণের কাজ না করে বিল তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল। চউকের অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের ৩৬ নম্বর লটের কাজ না করে তিন দফায় এক লাখ ২৮ হাজার ৭৪৫ টাকা তুলে নেয় এই প্রতিষ্ঠান। ২০০৭ সালের ২৯ এপ্রিল বিল্ডটেককে এই উন্নয়নকাজের জন্য কার্যাদেশ দেওয়া হয়। এ ঘটনায় ইউনুস গণি চৌধুরীসহ চউকের সাত প্রকৌশলীর বিরুদ্ধে ২০১২ সালের ২০ মে আদালতে অভিযোগপত্র দেন দুদকের চট্টগ্রাম কার্যালয়ের তৎকালীন উপসহকারী পরিচালক মো. হুমায়ন কবির।
যোগাযোগ করা হলে গতকাল শনিবার ইউনুস গণি চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের আদেশে মামলাটি বর্তমানে স্থগিত আছে।’
অধ্যাদেশ লঙ্ঘন: সংস্থার বোর্ড সদস্য হিসেবে ইউনুস প্রথম নিয়োগ পান ২০০৯ সালের ১১ মে। টানা তিন বছর দায়িত্ব পালন করার পর তাঁকে ২০১২ সালে দ্বিতীয় দফায় নিয়োগ দেওয়া হয়। এবারও তিনি তিন বছরের জন্য নিয়োগ পেলেন।
কিন্তু চউক অধ্যাদেশের ৪(২) ধারা অনুযায়ী, একটানা তিন বছরের বেশি কোনো বোর্ড সদস্য দায়িত্ব পালন করতে পারবেন না। তবে ইউনুস গণি চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এতে কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি। সরকার ইচ্ছে করলে যেকোনো সদস্যের মেয়াদ বাড়াতে পারেন। আর এটি সম্মানী পদ। এতে বেতন-ভাতাসহ কোনো সুযোগ-সুবিধা নেই। এই পদে থেকে সরকারের কর্মকাণ্ডকে সহযোগিতা করা যায়।’
আরও অভিযোগ: চউকের মালিকানাধীন বিপণিবিতানের (নিউমার্কেট) অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য চার কোটি টাকার একটি দরপত্রের অনিয়মের অভিযোগ ছিল ইউনুস গণি চৌধুরীর বিরুদ্ধে। এ নিয়ে প্রথম আলোতে ২০১২ সালের ৪ নভেম্বর প্রতিবেদন প্রকাশিত হয়।
এ ছাড়া সম্প্রতি চউকের বিভিন্ন আবাসিক এলাকায় প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ ওঠে। একাধিক পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্লট বরাদ্দ কমিটির আহ্বায়ক ছিলেন ইউনুস গণি চৌধুরী। তবে প্লট বরাদ্দে কোনো অনিয়ম হয়নি বলে জানান তিনি।