দুদকের মামলায় অভিযোগপত্র
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সাবেক গোপনীয় সহকারী (সিএ) মশিউর রহমানের বিরুদ্ধে প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগে হওয়া মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে।দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক শেখ মেজবাহ উদ্দিন গত মঙ্গলবার রাজবাড়ী ২ নম্বর আমলি আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। মশিউর রহমান পাংশা ইউএনও কার্যালয়ে কর্মরত থাকাকালীন জেলা প্রশাসক গত জুন মাসে তাঁকে সাময়িক বরখাস্ত করেন।মশিউর রহমান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।মামলা সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে ‘বিশেষ এলাকা উন্নয়নের জন্য থোক বরাদ্দের (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ আওতায় ২০০৩-০৪ অর্থবছরে সাত লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ অর্থ বরাদ্দ হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। তা থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দুই লাখ ৮৩ হাজার টাকা ব্যয় করা হয় এবং বাকি টাকা সোনালী ব্যাংকে (গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স শাখায়) গচ্ছিত রাখা হয়। তৎকালীন ইউএনও মো. আলিম উদ্দিনের সই জাল ও সিল ব্যবহার করে মশিউর রহমান ১৪টি চেকের মাধ্যমে চার লাখ ৪৫ হাজার টাকা তুলে আত্মসাৎ করেন। বর্তমান ইউএনও মোহাম্মদ নাসির উদ্দীন উল্লিখিত অর্থ কোন কোন প্রকল্পের মাধ্যমে খরচ হয়েছে সেগুলোর বিল ও ভাউচার না পেয়ে ২০১০ সালের ১৯ জুলাই গোয়ালন্দঘাট থানায় মশিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন।