দুদকের মামলায় ছয় ব্যাংকার গ্রেপ্তার
অর্থ আত্মসাতের আলাদা মামলায় ছয় ব্যাংকারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার ঢাকা ও বগুড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছয় ব্যাংকার হলেন জনতা ব্যাংকের উত্তরখান শাখার সাবেক ব্যবস্থাপক মোজাহার আলী, ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেডের (বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংক লি.) কারওয়ান বাজার শাখার সাবেক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার জি এম হুমায়ুন কবির ও সাবেক এক্সিকিউটিভ অফিসার আশফাকুল হাকিম, পূবালী ব্যাংকের বগুড়া সাতমাথা শাখার সাবেক কর্মকর্তা আমিনুল ইসলাম ও সহিদুজ্জামান চৌধুরী এবং গ্রামীণ ব্যাংকের মানিকগঞ্জের সিঙ্গাইর শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক (অব্যাহতিপ্রাপ্ত) বজলুর রশীদ।
দুদক সূত্র জানায়, ৫ লাখ ৫৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে জনতা ব্যাংক কর্তৃপক্ষ মোজাহার আলীর বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করছে দুদক। গতকাল দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওরিয়েন্টাল ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে ১ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালে করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন ব্যাংকটির সাবেক দুই কর্মকর্তা। জি এম হুমায়ুন কবিরকে পল্লবী ও আশফাকুল হাকিমকে তল্লাবাগ থেকে গ্রেপ্তার করা হয়।
পূবালী ব্যাংকের ২ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এ বছরের মার্চে একটি মামলা করে দুদক। ওই মামলার তদন্তের অংশ হিসেবে ব্যাংকটির সাবেক দুই কর্মকর্তা আমিনুল ইসলাম ও সহিদুজ্জামান চৌধুরীকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রামীণ ব্যাংকের মানিকগঞ্জের সিঙ্গাইর শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক (অব্যাহতিপ্রাপ্ত) বজলুর রশীদ গ্রেপ্তার হয়েছেন ঢাকার সেগুনবাগিচা থেকে। ভুয়া ঋণ বিতরণ ও আমানতের ১০ লাখ ৮৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের জুলাই মাসে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।