বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা তাঁর বিরুদ্ধে দুদকের (দুর্নীতি দমন কমিশন) করা দুর্নীতির মামলায় দুই মাসের আগাম জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। এদিকে, সাদেক হোসেন গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বনানী সিটি করপোরেশন মার্কেটের গাড়ি পার্কিং এলাকা ইজারা না দিয়ে কোনো অপরাধ করিনি। এখানে দুর্নীতির কোনো ঘটনাই ঘটেনি।’ গতকাল আদালতে হাজির হয়ে সাদেক হোসেন আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। আদালতে তাঁর পক্ষে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ ও খন্দকার মাহবুব হোসেন। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকালে সংবাদ সম্মেলনে সাদেক হোসেন দাবি করেন, তাঁর ও ঢাকা মহানগর বিএনপির ভাবমূর্তি নষ্ট করতেই দুদক এ মামলা করেছে। এটা উদ্দেশ্যপ্রণোদিত। বুধবার সাদেক হোসেনসহ চারজনের বিরুদ্ধে দুদক বনানী সিটি করপোরেশন মার্কেটের কার পার্কিং ইজারায় দুর্নীতির অভিযোগ এনে মামলা করে। সাদেক হোসেন বলেন, ওই মার্কেটের কার পার্কিং অতীতে কখনো ইজারা দেওয়া হয়নি। তিনি মেয়রের দায়িত্ব নেওয়ার পর করপোরেশনের আয় বাড়াতে কার পার্কিং ইজারা দেওয়ার উদ্যোগ নেন। এ জন্য দরপত্র চাওয়া হয়। একটি প্রতিষ্ঠান বার্ষিক এক লাখ ১০ হাজার টাকার সর্বোচ্চ দরদাতা হয়। কিন্তু ওই সময় মার্কেটের ব্যবসায়ীরা এই ইজারা না দেওয়ার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে ইজারা দেওয়া হয়নি।