দুদকের মামলায় জামিন মেলেনি মোশাররফের
নাইকোর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আগাম জামিন মেলেনি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের। গতকাল বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি উত্থাপন হয়নি বিবেচনায় খারিজ করে দেন।গতকাল আদালতে হাজির হয়ে মোশাররফ হোসেন আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করেন। তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ আলম। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, নাইকোর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলায় এ কে এম মোশাররফের আগাম জামিনের আবেদন উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন আদালত। প্রসঙ্গত, দুদক চলতি বছরের ১২ ফেব্রুয়ারি শাহবাগ থানায় এ কে এম মোশাররফ হোসেন ও নাইকোর রিসোর্সেস বাংলাদেশ লিমিটেডের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফের বিরুদ্ধে ওই মামলাটি করে।