দুদকের মামলায় তারেকের শ্বাশুড়ির বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক আবদুস সাত্তার সরকার।
দুদকের সূত্র বলেছে, ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানু বরাবর সম্পদ বিবরণী দাখিল করতে তাঁকে নোটিশ দেয় দুদক। ওই নোটিশ ইকবাল মান্দ বানুর পক্ষে তাঁর বাড়ির তত্ত্বাবধায়ক জাকির হোসেন গ্রহণ করেন। ইকবাল মান্দ বানু ওই নোটিশের বিরুদ্ধে রিট আবেদন করলে হাইকোর্ট স্থগিতাদেশ দেন। পরবর্তী সময়ে দুদকের পক্ষে আপিল করা হলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত করা হয়। ফলে মামলা করার ক্ষেত্রে কোনো বাধা না থাকায় গত বছরের ৩০ জানুয়ারি রমনা থানায় দুদকের উপপরিচালক আর কে মজুমদার বাদী হয়ে এ মামলা করেন।