দুদকের মামলায় নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের এক নির্বাহী প্রকৌশলীকে (ভারপ্রাপ্ত) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর নাম মো. সাইফুর রহমান। গতকাল রোববার সকালে নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করেন দুদক কর্মকর্তারা। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক জাফর আহমেদ গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন। তিনি প্রথম আলোকে বলেন, ৩৩ লাখ ৯৩ হাজার ৫৯১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ লাখ ৪০ হাজার ৪৫২ টাকার সম্পদের তথ্য গোপনের কারণে সাইফুর রহমানের বিরুদ্ধে গত ১৭ জুলাই নগরের খুলশী থানায় মামলা করা হয়। দুদক কেন্দ্রীয় কার্যালয়ের উপপরিচালক হামিদুল হাসান বাদী হয়ে এই মামলা করেছিলেন। মামলাটির তদন্ত চলছে।
প্রকৌশলী গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি। ওই প্রকৌশলীর বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর করণীয় বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’
দুদক সূত্র জানায়, ২০০৯ সালের ৯ নভেম্বর সাইফুর রহমানের কাছে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠায় দুদক। তিনি ওই সময় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ওই বছরের ৭ ডিসেম্বর দুদকের কাছে সম্পদ বিবরণী দাখিল করেন তিনি। দাখিল করা সম্পদ বিবরণী যাচাই করে দেখা যায়, চাকরিজীবনের শুরু থেকে ২০০৯-২০১০ অর্থবছর পর্যন্ত তিনি বেতন বাবদ আয় করেছেন ২২ লাখ ৯২ হাজার ৭৯৬ টাকা। ব্যাংক থেকে ঋণ নিয়েছেন ৩৫ লাখ টাকা। কিন্তু এর বিপরীতে তাঁর ব্যয় হয়েছে ৯১ লাখ টাকার বেশি। বাড়তি প্রায় ৩৩ লাখ টাকা তিনি কোথা থেকে সংগ্রহ করেছেন, সেটি উল্লেখ নেই। এ ছাড়া লালখানবাজারে চার গন্ডা জমির ওপর তৈরি তাঁর মালিকানাধীন পাঁচতলা ভবনের দাম দেখিয়েছেন ৬০ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু তখনকার বাজারদরে ওই ভবনের দাম ৬১ লাখ ৯০ হাজার ৪৫২ টাকা। এখানে তিনি ১ লাখ ৪০ হাজার ৪৫২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
দুদকের কৌঁসুলি কাজী সানোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, আসামিকে নির্দোষ দাবি করে এবং জামিনে গেলে পলাতক হবেন না জানিয়ে তাঁর আইনজীবী আদালতের কাছে জামিনের আবেদন করেন। শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী জামিন নামঞ্জুর করেন।