দুদকের মামলায় নূর হোসেনের স্ত্রী গ্রেপ্তার, কারাগারে
নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের স্ত্রী রোমা হোসেনকে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সকালে নূর হোসেন ও রোমা হোসেনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় আলাদা দুটি মামলা করেন দুদকের উপপরিচালক জুলফিকার আলী। মামলা করার এক ঘণ্টার মধ্যে জুলফিকার আলী ও আরেক উপপরিচালক এস এম রফিকুল ইসলামের নেতৃত্বে দুদকের একটি দল নারায়ণগঞ্জের শিমরাইলের বাসা থেকে রোমা হোসেনকে গ্রেপ্তার করে। সাত খুন মামলায় গ্রেপ্তার হয়ে নূর হোসেন কারাগারে রয়েছেন।
দুদক সূত্র বলেছে, রোমা হোসেনের বিরুদ্ধে ৩ কোটি ৬২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও পাঁচ কোটি তিন লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। নূর হোসেনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে মামলায়। এজাহারে বলা হয়েছে, নূর হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানে ৩ কোটি ৩ লাখ ৮৩ হাজার ৮০৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। এ ছাড়া ২০১৫ সালের ১২ ডিসেম্বর দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ২ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার ৪৯২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। রোমা হোসেন ২০১৫ সালের ৮ ডিসেম্বর দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। অনুসন্ধানে তাঁর ৫ কোটি ৩ লাখ ২২ হাজার ১১৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায়।
২০১৪ সালের এপ্রিলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও খুনের ঘটনার পর নূর হোসেন ভারতে পালিয়ে যান।