দুদকের মামলায় বদির জামিন বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির জামিন স্থগিত হয়নি। জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল বুধবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ দেন।
এই মামলায় গত সোমবার সাংসদ বদির ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এতে স্থগিতাদেশ চেয়ে মঙ্গলবার আবেদন করে দুদক। গতকাল এ আবেদনের ওপর শুনানি হয়।
আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও সাংসদ বদির পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু শুনানি করেন।
পরে আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, আদালত আবদুর রহমান বদির জামিন আদেশ স্থগিত করেননি। তাই জামিন মঞ্জুর করে দেওয়া আদেশ বহাল থাকল। এখন তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
খুরশীদ আলম খান বলেন, ‘আদালত নো অর্ডার দিয়েছেন। নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন। আশা করছি, কাল (বৃহস্পতিবার) লিভ টু আপিল করা যাবে।’