দুদকের মামলায় ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল বুধবার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাউর রহমান এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি সামছুল আলম চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জামালখান এলাকার বাসিন্দা। তাঁর ঠিকাদারি ব্যবসা আছে। দুদকের কৌঁসুলি মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ৩৬ লাখ ৮০ হাজার ৭০৬ টাকা মূল্যের সম্পদ অর্জনের বিষয়ে সামছুল আলমের বিরুদ্ধে ২০০৪ সালের দুদক আইনের ২৬(২) ধারায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আদালত সূত্র জানায়, দুদকের চট্টগ্রামের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন ২০১০ সালের ২৪ মে মামলাটি করেন। এর আগে দুদক সামছুল আলমকে চিঠি দিয়ে সম্পদের হিসাব চাইলেও তিনি তা জমা দেননি। তদন্ত শেষে ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। চলতি বছরের ৫ এপ্রিল আদালত এই মামলায় অভিযোগ গঠন করেন।