দুদকের মামলায় মান্নান খানের জামিন লাভ
অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। তিনি গতকাল রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক এ আদেশ দেন।
আব্দুল মান্নান খান সকালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তাঁর পক্ষে সৈয়দ রেজাউর রহমান জামিনের বিষয়ে শুনানি করেন। মান্নান খানও নিজের পক্ষে শুনানি করেন। শুনানিতে সৈয়দ রেজাউর রহমান বলেন, আব্দুল মান্নান খান একজন রাজনীতিবিদ। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করেছেন। জামিনে মুক্তি দিলে তাঁর পালানোর সম্ভাবনা নেই।
মান্নান খান বলেন, তিনি অসুস্থ। ওপেন হার্ট সার্জারি হয়েছে। জামিন দিলে শর্ত মেনে চলবেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি কবির হোসাইন জামিনের বিরোধিতা করে বলেন, দুদক আইনে হাকিম আদালতের জামিন শুনানি গ্রহণ করার এখতিয়ার নেই। এ সময় আদালত বলেন, জামিন কেন দেওয়া যাবে না? আইনে বাধা কোথায়? জবাবে দুদকের কৌঁসুলি বলেন, ২০১২ সালের ৫ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজনের জামিন দেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে মহানগর দায়রা জজ ওই জামিন বাতিল করেন। পরে উচ্চ আদালতও আসামিদের জামিন বাতিলের আদেশ বহাল রাখেন। তিনি বলেন, গত বছরের ২০ নভেম্বর দুদক আইনে পুনঃ তফসিল হওয়ার পর এসব মামলার জামিন-সংক্রান্ত শুনানি গ্রহণ করছেন মহানগর দায়রা জজ আদালত।
মহাজোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের বিরুদ্ধে দুদক ২১ আগস্ট রমনা থানায় এ মামলা করে। একই অভিযোগে ওই দিন একই থানায় পটুয়াখালী-৪ আসনের বর্তমান সাংসদ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী তালুকদার মাহবুবুর রহমান এবং কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধেও পৃথক মামলা করে দুদক।