দুদকের মামলায় মির্জা আব্বাসের জামিন
রাজধানীর শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় বিচার শেষ না হওয়া পর্যন্ত হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মির্জা আব্বাসের জামিন আবেদনে দেওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। আদালতে মির্জা আব্বাসের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন সগীর হোসেন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
আদেশের পর সগীর হোসেন প্রথম আলোকে বলেন, মির্জা আব্বাসের বিরুদ্ধে থাকা তিনটি মামলার মধ্যে নাশকতার দুটি মামলায় তিনি গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। দুদকের মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত হাইকোর্ট জামিন মঞ্জুর করেছেন। ফলে তাঁর কারামুক্তিতে আইনগত বাধা নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলাটি এখন অভিযোগ গঠনের পর্যায়ে আছে।
২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন ও গত বছরের ৬ জানুয়ারি মতিঝিল থানায় করা নাশকতার দুই মামলায় চলতি বছরের ৬ জানুয়ারি বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন মির্জা আব্বাস। তখন আদালত তাঁকে কারাগারে পাঠান।