দুদকের মামলায় যমুনা অয়েলের পাঁচ কর্মকর্তা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণের পর যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পাঁচ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী এক আদেশে তাঁদের কারাগারে পাঠান। পাঁচ আসামি হলেন: যমুনা অয়েল কোম্পানির উপমহাব্যবস্থাপক (ইঞ্জিন) মাহিদুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক (পিআর) মো. মাসুদ করিম, সহকারী মহাব্যবস্থাপক (অডিট) মো. খসরু আজাদ, সহকারী মহাব্যবস্থাপক (টিএস) মো. সবুর খান ও উপব্যবস্থাপক (বিক্রয়) মো. ইউসুফ খন্দকার।দুদকের কৌঁসুলি (পিপি) মাহমুদুল হক প্রথম আলোকে জানান, ভুয়া বরাদ্দপত্র দেখিয়ে যমুনা ওয়েল থেকে বিটুমিন উত্তোলন করে বাজারে বিক্রির অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর ছয় কর্মকর্তা ও নয়জন ঠিকাদারের বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। এসব মামলায় গত ২ অক্টোবর উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নেন যমুনা ওয়েলের ওই পাঁচ কর্মকর্তা। গতকাল তাঁরা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।