দুদকের মামলায় রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক সারোয়াত হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। যন্ত্রপাতি কেনাকাটায় সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালত এ আদেশ দেন।

আজ বৃহস্পতিবার সরকারি কৌঁসুলি এ কে এম হারুন উর রশিদ বলেন, গতকাল বুধবার রংপুর জেলা জজ ও জ্যেষ্ঠ বিশেষ আদালতের বিচারক বেগম রাশেদা সুলতানা এ আদেশ দেন।

এর আগে গত ২৬ নভেম্বর রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ নূর ইসলাম জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে তাঁকেও কারাগারে পাঠান আদালত। তিনি এখনো কারাগারে আছেন বলে দুদকের আইনজীবী হারুন উর রশিদ নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, গত বছরের ১২ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরে মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক ফেরদৌস রহমান।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, এ মামলায় আসামি ছয়জন। তাঁরা হলেন রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মো. নূর ইসলাম, সহকারী অধ্যাপক সারোয়াত হোসেন, ঢাকার বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির মালিক জাহের উদ্দিন সরকার, তাঁর বাবা ও মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আবদুস সাত্তার সরকার, ছেলে আহসান হাবীব এবং ভগ্নিপতি ও ইউনিভার্সেল ট্রেড করপোরেশনের মালিক আসাদুর রহমান।

মামলার এজাহারে বলা হয়েছে, রংপুর মেডিকেল কলেজে ভারী যন্ত্রপাতি ও সরঞ্জামাদির প্রয়োজন ছিল না। এরপরও প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে নিম্নমানের ব্যবহার অনুপযোগী যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে সরকারের ৪ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা আত্মসাৎ করেছেন এই ছয়জন। রংপুর মেডিকেল কলেজে ২০১৮-১৯ অর্থবছরে কেনাকাটা সংক্রান্ত সাত সদস্যের কমিটির সভাপতি ছিলেন রংপুর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ নূর ইসলাম ও সদস্যসচিব ছিলেন সহকারী অধ্যাপক সারোয়াত হোসেন।

মামলার এজাহারে বলা হয়, রংপুর মেডিকেল কলেজে যথাযথ টেকনিক্যাল স্পেসিফিকেশন ছাড়া বিধি বহির্ভূতভাবে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক অনুমোদন ছাড়াই নুর ইসলাম ২০১৮ সালের ৫ মে দরপত্র আহ্বান করেন। আর এই বিজ্ঞপ্তি ২০১৮ সালের ৬ মে রংপুরের একটি স্থানীয় ও জাতীয় একটি ইংরেজি পত্রিকায় প্রকাশ করা হয়।

২০১৮ সালের ২১ জুন দরপত্র মূল্যায়ন করে তৎকালীন অধ্যক্ষ নুর ইসলাম একই তারিখে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড দেন এবং চুক্তিপত্র সই করেন। এর দুই দিন পর ২৩ জুন কার্যাদেশ দেন। পরে পরস্পর যোগসাজশে দুর্নীতি করেন ছয়জন।

দরপত্রের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে রংপুর মেডিকেল কলেজের দরপত্র কমিটির বিরুদ্ধে তদন্ত করে স্বাস্থ্য অধিদপ্তর।