দুদকের মামলায় রাকাবের ব্যবস্থাপক কারাগারে
অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া দুদকের মামলায় লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়ার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) শাখার ব্যবস্থাপক হাসান আলীকে গত মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। ফকিরের তকেয়ায় রাকাবের কার্যালয় থেকে একই দিন বিকেলে হাসানকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের রংপুরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গ্রেপ্তার করে পুলিশ।
আদালত, দুদক ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৮ সালে হাসান লালমনিরহাটের কালীগঞ্জের চাপারহাট রাকাব শাখার ব্যবস্থাপক থাকার সময় জাল কাগজপত্র ও ভুয়া স্বাক্ষর করে ঋণ প্রদান, ঋণের টাকা উত্তোলন (৪ লাখ ৪১ হাজার টাকা) করে আত্মসাৎ করেন। এ অভিযোগ তদন্ত করে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের তৎকালীন সহকারী পরিচালক মো. জাকারিয়া কালীগঞ্জ থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। দুদকের ওই মামলায় গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় হাসানকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. আফাজ উদ্দিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হাসান সদর উপজেলার হাড়ীভাঙ্গা গ্রামের বাসিন্দা।
এ মামলার অন্য আসামিরা হলেন রাকাবের চাপারহাট শাখার শস্য গুদামরক্ষক আবদুস সামাদ, একই শাখার গুদাম সেক্রেটারি আমিনুল ইসলাম, সুপারভাইজার মতিয়ার রহমান ও বর্তমানে অবসরে থাকা চাপারহাট রাকাব ব্যবস্থাপক রফিকুল ইসলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক রাকাবের একাধিক কর্মকর্তা বলেন, ২০০৮ সালে কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে সরকার শস্য গুদাম ঋণ নামের একটি প্রকল্প চালু করে। সেই প্রকল্পের ঋণের টাকা বিতরণ, কাগজপত্র ও স্বাক্ষর জালসহ ব্যাপক অনিয়ম করার অভিযোগ রয়েছে এ মামলার অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে।
হাসানকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট কোর্ট পুলিশ পরিদর্শক জুলফিকার মো. আসাদুজ্জামান।