দুদকের মামলায় রেল কর্মকর্তা হাফিজের আত্মসমর্পণ
রেলের ফুয়েল চেকার ও সহকারী কেমিস্ট পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে করা পৃথক দুটি মামলায় আত্মসমর্পণ করায় অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলী হাফিজুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক।
গতকাল সোমবার হাফিজুর রহমান চট্টগ্রাম বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন।
রেলের বিভিন্ন পদে নিয়োগে পূর্বাঞ্চলের তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলী হাফিজুর রহমান ও জ্যেষ্ঠ কল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ১৩টি মামলা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা সব কটি মামলার বাদী বলে জানা গেছে।
আদালত সূত্র জানায়, ফুয়েল চেকার ও সহকারী কেমিস্ট পদে নিয়োগসংক্রান্ত দুর্নীতির মামলায় এই তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়ে গেছে। ইতিপূর্বে সাক্ষ্য গ্রহণও শুরু হয়েছে। দুদকের কৌঁসুলি মাহমুদুল হক বলেন, ফুয়েল চেকার ও সহকারী কেমিস্ট পদে নিয়োগে দুর্নীতির মামলায় হাফিজুর রহমান আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।