দুদকের মামলায় রেলওয়ের মৃধার পাঁচ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সাময়িক বরখাস্ত হওয়া মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাকে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে পৃথক ধারায় পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তাঁকে ১৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে ইউসুফ আলী মৃধাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, মৃধার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে গতকাল প্রথম একটি মামলার রায় হলো। চারটির বিচারকাজ চলছে। আটটির তদন্ত চলছে। ২০১৫ সালের ৪ জানুয়ারি মৃধাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আদালত রায়ে উল্লেখ করেন, জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ২৭ (১) ধারায় তিন বছর এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২৬ (২) ধারায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হলো। তবে উভয় সাজা একত্রে চলবে। ফলে তাঁকে তিন বছর সাজা খাটতে হবে। এ ছাড়া তাঁকে ১৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়ার তারিখ থেকে এ মামলার রায় কার্যকর হবে।
২০১২ সালের ১৪ আগস্ট দুদকের উপপরিচালক রেজাউল হাসান তরফদার বাদী হয়ে ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে রমনা থানায় এ মামলা করেন। দুদক তদন্ত শেষে ২০১২ সালের ২৬ নভেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০১৩ সালের ২৪ নভেম্বর অভিযোগ গঠন করা হয়। এ মামলায় মোট ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জন সাক্ষ্য দিয়েছেন।
২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের তৎকালীন সহকারী ওমর ফারুক তালুকদার ও ইউসুফ আলী মৃধা গাড়িতে যাওয়ার সময় জিগাতলায় টাকার বস্তাসহ আটক হন। গাড়িটি ছিল ওমর ফারুকের। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। পরে ইউসুফ মৃধার বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। ইউসুফ মৃধা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক থাকাকালে রেলওয়েতে ১৩টি ক্যাটাগরিতে ১ হাজার ৬৯ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। এ নিয়োগ নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে।