দুদকের মামলায় সরকারি কর্মকর্তাসহ পাঁচজন জেলে
ময়মনসিংহে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক তিন মামলায় ইউপি চেয়ারম্যান, পিআইও, পিডিবির প্রকৌশলী, ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুদক তাঁদের গ্রেপ্তার করে।
পৃথক পৃথক অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান রোকনুজ্জামান, ফুলপুর উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিকুল ইসলাম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ময়মনসিংহ-১ (উত্তর)-এর সহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম, হিসাবরক্ষক হোসনে আরা ও রূপালী ব্যাংক ফুলবাড়িয়া উপজেলা শাখার কর্মকর্তা মোর্শেদ আলম।
ময়মনসিংহ জেলা দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে মাটি ভরাটের কাজ না করেই প্রকল্পের ১২ লাখ ৩৬ হাজার টাকা আত্মসাৎ করেন প্রকল্পের সভাপতি ও রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রোকনুজ্জামান এবং তৎকালীন উপজেলা পিআইও শফিকুল ইসলাম। অপর দিকে পিডিবির ময়মনসিংহ-১-এর সহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে ৫৭ জন গ্রাহকের কাছ থেকে ১ লাখ ২০০ টাকা আত্মসাৎ করেন। টাকা আত্মসাতে সহযোগিতা করেন হিসাবরক্ষক হোসনে আরা।
এ ছাড়া রূপালী ব্যাংকের ফুলবাড়িয়া শাখার কর্মকর্তা ভুয়া ভাউচার দেখিয়ে গ্রাহকদের ১৬ লাখ টাকা আত্মসাৎ করেন। ২০১৫ সালে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভুক্তভোগীরা দুদকে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে দুদক। তদন্তে তিনটি অভিযোগের প্রতিটির সত্যতা পাওয়ায় দুদক অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। গতকাল দুদকের ময়মনসিংহ কার্যালয়ের পক্ষ থেকে অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
দুদকের সমন্বিত ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ২০১৫ সালে পৃথক ওই অভিযোগগুলো পাওয়া যায়। দুদকের তদন্তে অভিযোগগুলোর প্রমাণ পাওয়ায় মামলা করা হয়। গতকাল ওই পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।