দুদকের মামলায় সোহেল রানার বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদের হিসাব দাখিল না করায় সাভারের রানা প্লাজার কর্ণধার সোহেল রানার বিরুদ্ধে করা মামলায় অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম।

আদালত সূত্র বলেছে, গত বছরের ২ এপ্রিল কাশিমপুর কারাগারে আটক সোহেল রানার কাছে কারা কর্তৃপক্ষের মাধ্যমে সম্পদ বিবরণী দেওয়ার নোটিশ পাঠায় দুদক। আইন অনুযায়ী, নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে আইনজীবীর মাধ্যমে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দুদকে জমা দিতে বলা হয়। কিন্তু সোহেল রানা নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে সম্পদের বিবরণী জমা দেননি। তবে হিসাব বিবরণী দাখিলের জন্য সোহেল রানা তাঁর স্ত্রীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেন। নির্ধারিত সময়ে সম্পদের বিবরণী দাখিল না করায় ২০১৫ সালের ২০ মে রমনা থানায় এ মামলা করে দুদক।