দুদকের লিভ টু আপিল শুনানি ১০ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আবদুর রহমান বদির জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিলের শুনানি হবে ১০ নভেম্বর। গতকাল রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
ওই মামলায় ২৮ অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বদির ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এই স্থগিতাদেশ চেয়ে পরদিন দুদক আবেদন করলে চেম্বার বিচারপতি ‘নো অর্ডার’ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ৩০ অক্টোবর দুদক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে।
আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও বদির পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু মামলা পরিচালনা করেন। পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, দুদকের করা লিভ টু আপিল নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেছেন চেম্বার বিচারপতি। ইতিমধ্যে বদি মুক্তি পাওয়ায় তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে ওই আবেদনটি করা হয়।
গত ২১ আগস্ট বদির বিরুদ্ধে রমনা থানায় ওই মামলাটি করে দুদক। ১২ অক্টোবর এ মামলায় তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমপর্ণ করে জামিন চান। আদালত আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।