দুদকের লিভ টু আপিলের শুনানি ১০ নভেম্বর
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির জামিনের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর শুনানি আগামী ১০ নভেম্বর হবে।
বদির জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দুদক লিভ টু আপিলটি (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। আজ রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
এর আগে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই মামলায় বদিকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এটির স্থগিতাদেশ চেয়ে দুদক আবেদন করলে চেম্বার বিচারপতি ‘নোঅর্ডার’ দেন। গত বৃহস্পতিবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করে।
আজ দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান ও বদির পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু মামলার শুনানি করেন।
পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, আবেদনে নিম্ন আদালতে বদির আত্মসমপর্ণের নির্দেশনা দেওয়ার আর্জি জানানো হয়েছে।