দুদকের সংশোধিত বিল সংসদে উপস্থাপন
জাতীয় সংসদে গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন, ২০১১ উপস্থাপন করা হয়েছে। সংসদকাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি উপস্থাপন করেন।পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।২০০৪ সালে প্রণীত আইনের সংশোধন করে বিলটি সংসদে উপস্থাপিত হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করার আগে সরকারের অনুমতি নেওয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া দুদকে কেউ মিথ্যা অভিযোগ দায়ের করলে অভিযোগকারীর বিরুদ্ধে পাঁচ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত আইনে জবাবদিহির বিষয়টি সরাসরি উল্লেখ না থাকলেও এ প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। দুদকের এ প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করারও বিধান রাখা হয়েছে।বিগত তত্ত্বাবধায়ক সরকার দুদক আইনের যে অধ্যাদেশ জারি করেছিল, বর্তমান সংসদ অনুমোদন না দেওয়ায় তা বাতিল হয়ে যায়। বর্তমান সরকার নতুন করে দুদক আইনের খসড়া প্রণয়ন করে। খসড়া আইনে ১৩টি বিষয়ে সংশোধনী আনা হয়েছে।