দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে সাতক্ষীরায় করা এক মামলার তদন্ত প্রতিবেদন আট বছরেও দাখিলে ব্যর্থতার ব্যাখ্যা জানাতে দুদকের সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে ৪ ফেব্রুয়ারি আদালতে তলব করেছেন হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। ৪ ফেব্রুয়ারির মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে লিখিতভাবে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি বাতিল চেয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটি কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করা হয়েছে।আদালত সূত্র জানায়, সাতক্ষীরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমানের বিরুদ্ধে ২০০৪ সালের ১ নভেম্বর সাতক্ষীরা থানায় একটি মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। সাতক্ষীরায় সে সময় কর্মরত দুদকের পরিদর্শক ওয়াজেদ আলীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। গত বছরের ৫ সেপ্টেম্বর মজিবুর রহমান জামিন পান। গত বুধবার মজিবুর রহমান হাইকোর্টে মামলা বাতিল চেয়ে আবেদন করেন।