দুদকের সঙ্গে বৈঠক করবেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়ন বন্ধে বাংলাদেশের নেওয়া পদক্ষেপের সত্যতা যাচাইয়ে অক্টোবরে আন্তর্জাতিক মানি লন্ডারিং বিশেষজ্ঞদের যে দলটি ঢাকা আসছে তারা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বিশেষ বৈঠক করবে। সাত সদস্যের অর্থ পাচার বিশেষজ্ঞ দলটির সঙ্গে বৈঠককে কেন্দ্র করে কর্মপরিকল্পনা নির্ধারণ করছে সংস্থাটি।

দুদকের প্রধান কার্যালয়ে বৈঠকটি হবে ১১ ও ১৩ অক্টোবর। এতে দুদক চেয়ারম্যান, দুই কমিশনার, বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের মহাপরিচালক এবং দুদকের মানি লন্ডারিং বিভাগের উপপরিচালক থাকবেন বলে দুদক সূত্র জানিয়েছে।
দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘আন্তর্জাতিক মানি লন্ডারিং বিশেষজ্ঞ দলের বিষয়ে ইতিমধ্যে আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। বৈঠক উপলক্ষে আমরা কর্মপরিকল্পনা ঠিক করছি। তাঁদের কাছে কী কী বিষয় তুলে ধরা হবে, কী ধরনের আলোচনা হবে সেসব বিষয় নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত কথাবার্তা চলছে।’
মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধে বাংলাদেশের নেওয়া পদক্ষেপ সরেজমিনে খতিয়ে দেখতে ১১ অক্টোবর ঢাকা আসছে আন্তর্জাতিক মানি লন্ডারিং বিশেষজ্ঞ দলটি। দু সপ্তাহের সফরে বিশেষজ্ঞ দলটি অর্থ, পররাষ্ট্র, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, দুদক, জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করবে।
এ সফরকে কেন্দ্র করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে এর সঙ্গে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সতর্ক করে বলা হয়েছে, এই বিশেষজ্ঞ দলের মূল্যায়ন নেতিবাচক হলে বাংলাদেশের রেটিং খারাপ হবে এবং এর ফলে আন্তর্জাতিক লেনদেন বাধাগ্রস্ত হবে। পাশাপাশি বাণিজ্য ব্যয়বহুল হবে এবং দেশের ভাবমূর্তি সংকটে পড়বে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মানি লন্ডারিং ও সন্ত্রাস প্রতিরোধে ওয়ার্কিং কমিটির বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের তথ্য আদান-প্রদানের জন্য ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) ৩৩টি দেশের সঙ্গে চুক্তি করেছে। প্রয়োজনে ওই সব দেশের সঙ্গে এসব বিষয়ে তথ্য আদান-প্রদান করা যাবে। ইতিমধ্যে কয়েকটি দেশে অর্থ পাচারের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও অলাভজনক সংস্থার (এনপিও) কার্যক্রম নিয়ন্ত্রণকারী সংস্থা যাতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটকে (বিএফআইইউ) তথ্য দেয় সে জন্য সার্কুলার জারি করা হয়েছে।
কার্যবিবরণীতে মিউচুয়াল ইভালুয়েশন সম্পর্কিত কার্যক্রমকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনায় নিতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অক্টোবরের মূল্যায়ন প্রক্রিয়া মোকাবিলায় ১৩টি নির্দেশনাও দেওয়া হয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে।
এর মধ্যে, সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত ব্যাংক জালিয়াতির ঘটনাগুলো নিয়ে আন্তর্জাতিক আর্থিক গোয়েন্দা সংস্থাগুলোর কাছে দ্রুত অনুরোধপত্র পাঠাতে বিএফআইইউকে নির্দেশনা দেওয়া হয়। মাদক, স্বর্ণ চোরাচালান, মানবপাচার সংক্রান্ত তথ্যের জন্য সিআইডি, দুদক, এনবিআরের মতো সংস্থাগুলোকে বিদেশি সংস্থাগুলোর কাছে অনুরোধপত্র পাঠানোর কথা বলা হয়েছে। পাশাপাশি বহুল আলোচিত ও দ্রুত ফলাফল অর্জনে সক্ষম এমন সন্ত্রাসী অর্থায়ন সংশ্লিষ্ট মামলার তদন্ত ও বিচারিক সহায়তা এবং মনিটরিংয়ের জন্য সিআইডি, বিএফআইইউ ও জাতীয় রাজস্ব বোর্ডের সমন্বয়ে আলাদা আরেকটি যৌথ টিম গঠনের নির্দেশ দেওয়া হয়।
এনজিও ও এনপিও কার্যক্রমের সারসংক্ষেপও দ্রুত বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব তথ্য পাঠাবে এনজিও ও এনপিওর নিয়ন্ত্রণকারী সংস্থা সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মের নিবন্ধক কার্যালয়, এনজিওবিষয়ক ব্যুরো ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি।
সোনা চোরাচালানের তথ্য মূল্যায়নের সুবিধার্থে বৈধ পথে কি পরিমাণ স্বর্ণ বাংলাদেশে আনা হয়েছে সে তথ্য বিএফআইইউর কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয় জাতীয় রাজস্ব বোর্ডকে। আবার বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত কি পরিমাণ সোনার নিলাম করেছে সে তথ্য ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির কাছ থেকে বার্ষিক ক্রয়-বিক্রির পরিসংখ্যান সংগ্রহ করতে বিএফআইইউকে বলা হয়েছে।
নির্দেশনায় মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ক অপরাধে ব্যবহৃত অস্ত্র বা দ্রব্যাদির মূল্যসহ পরিসংখ্যান দ্রুত বিএফআইইউকে সরবরাহ করতে দুদক এবং সিআইডিকে বলা হয়। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুদক, সিআইডি, এনবিআর, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও এনজিও ব্যুরোকে বিএফআইইউ এর চাওয়া তথ্য ও নথি দ্রুত সময়ে সরবরাহ করতে বলা হয়।
২০০৮ সালের আগ পর্যন্ত মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নাম ছিল বাংলাদেশের। তবে বিশ্বের মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণকারী সংস্থা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) সদস্য হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর সংস্থাটির নজরদারির মধ্যে পড়ে বাংলাদেশ।
এ সময় তারা ৪০টি শর্ত প্রতিপালনের পরামর্শ দেয়। একই সঙ্গে সংস্থাটি তাদের দেওয়া শর্ত ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কি না, তারও মূল্যায়ন করে। তারই ধারাবাহিকতায় সরকার নানা পদক্ষেপ নেয় এবং তার তথ্য ওই সংস্থাটিকে সরবরাহ করে। যার ফলে বাংলাদেশ মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে ২০১৪ সালে বের হয়ে আসে।
ওই সময়ে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ সত্যিকার অর্থেই যথাযথ ছিল কি না, নাকি মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল তা সরেজমিন খতিয়ে দেখতে ঢাকায় আসছেন মানি লন্ডারিং রোধ বিষয়ে বিশেষজ্ঞ দলটি।