দুদকের সততা সংঘের অনুষ্ঠানে মতিয়া চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশে দুর্নীতি প্রসারে রাষ্ট্রযন্ত্রই দায়ী। গতকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে সততা সংঘের সমাবেশ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, রাষ্ট্র যদি দুর্নীতি করে তাহলে দুর্নীতি প্রসার লাভ করে। ১৯৭৫-এর পর দেখা গেছে, কীভাবে দুর্নীতি বেড়েছে। রাষ্ট্র তো নিজে চলে না, শাসন কাঠামোর মধ্যে চলে। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার; যেমন অন্ন, বস্ত্র বাসস্থান—এগুলোর নিশ্চয়তা থাকলে দুর্নীতি অনেকাংশে কমবে।
দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা তৈরির জন্যই দুদক দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করছে। প্রতিবছরের মতো এ বছরও ২৬ মার্চ থেকে এটা শুরু হয়েছে। চলবে ১ এপ্রিল পর্যন্ত। সততা সংঘ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা দুর্নীতির সচেতনতা যেন গোড়া থেকে উপলব্ধি করতে পারি, এ জন্য স্কুলপর্যায়ে কোমলমতি শিশুদের নিয়ে এ সততা সংঘ গড়ে তোলা হয়েছে।’