দুদকের সমালোচনায় মহাহিসাব নিরীক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সদিচ্ছা না থাকলে দুর্নীতি প্রতিরোধে সফল হওয়া সম্ভব নয় বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। অন্যদিকে দুদকের সমালোচনা করে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে দুদক এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি, যাতে মানুষ দুর্নীতিকে ভয় পাবে।
সিএজি কার্যালয়, দুদক, জাতীয় তথ্য কমিশন ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিএআই) মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর লক্ষ্যে এসব প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের যৌথ মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান ও সিএজি এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এ সভা হয়।
সভায় বেশ কয়েকজন আলোচক বলেন, দেশের বেশির ভাগ মানুষ দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করছে। এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে সিএজি মাসুদ আহমেদ বলেন, জনসংখ্যার বড় একটি অংশ দুর্নীতিকে সমর্থন করে। এই সমর্থন সুবিধাভোগীদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে। দুদক প্রতিষ্ঠার পর খুব কম অপরাধীই সাজা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুদকের কাজের পরিধি ব্যাপক। সে জন্য দরকার কাজের দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা। কিন্তু এ বিষয়ে অনেক ব্যবধান রয়েছে। অপরাধীর সাজা না হলে সমাজে কোনো মেসেজ যায় না। দুদকের চেয়ারম্যান বলেন, জাতীয় সংসদে দুদক, সিএজিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নিয়ে ঝাল মিটিয়ে কঠোর সমালোচনা হলেও সংসদ সদস্যরা কখনোই দুর্নীতির বিস্তার ও প্রতিরোধ নিয়ে কোনো ধরনের আলোচনা করেন না। সিএজি, তথ্য কমিশন ও দুদকের একত্রে কাজ করার বিষয়ে তিনি বলেন, তিনটি দপ্তরই একত্রে কাজ করতে পারলে ভালো ফল পাওয়া যাবে।
প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক বলেন, দুর্নীতি প্রতিরোধের একটি কৌশল হলো তথ্য প্রকাশ। বাংলাদেশে বর্তমানে বিদ্যমান ১ হাজার ১০০ আইন রয়েছে। সবগুলো আইনের মধ্যে শুধু তথ্য আইন জনগণ সরকারের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ক্ষমতা জনগণের মধ্যে চলে গেলে জনগণই জবাবদিহি আনতে বাধ্য করবে।
বিএআইয়ের ভাইস প্রেসিডেন্ট এম হুমায়ূন কবীর বলেন, ‘দুর্নীতি প্রতিরোধে দুদকের কাজে যথাসম্ভব সহায়তা করার চেষ্টা করছি। স্বচ্ছতা ও জবাবদিহি সৃষ্টিতে আমরা অংশগ্রহণ করতে চাই। সভায় দুদক, সিএজি ও তথ্য কমিশনের মধ্যে সহযোগিতার জন্য একটি কমিটি গঠন করা হয়।
একই দিন দুদক কার্যালয়ে আয়োজিত অন্য এক অনুষ্ঠানে দুদকের চেয়ারম্যান বলেন, দুর্নীতিবিরোধী লড়াইয়ে দুদক পুরোপুরি সফল না হলেও ব্যর্থ হয়নি। জিআইজেড বাংলাদেশের সহযোগিতায় দুদক কর্মকর্তাদের একটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।