দুদকের সাবেক দুই কমিশনারের বিচার দাবি তৈমুর আলমের
দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্বাধীনতা ও নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগে দুদকের সাবেক কমিশনার হাবিবুর রহমান ও আবুল হাসান মঞ্জুর মান্নানের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের বরাবর তিনি এই আবেদন করেন।তৈমুর আলম খন্দকারের অভিযোগ, ওই কমিশনারদ্বয় নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে অবৈধ তত্ত্বাবধায়ক সরকার ও টাস্কফোর্সকে খুশি করতে দুই নেত্রীসহ রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করে কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা নষ্ট করেছেন। তাঁদের কারণে রাজনীতিবিদদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক ক্ষতি এবং মানমর্যাদা ধ্বংস হয়েছে এবং তাঁরা দীর্ঘদিন জেলহাজতে বন্দী থেকেছেন, যাঁর একজন ভুক্তভোগী তিনি নিজেও। এ কারণে তিনি এই দুই কমিশনারের গ্রেপ্তার ও বিচার দাবি করছেন।