দুদকের স্বাধীনতা ব্যাহত হয় এমন বিল সংসদে পাস না করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি থেকে দুর্নীতিবিরোধী সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। এসব কর্মসূচিতে বক্তারা বলেন, শিক্ষা ও দুর্নীতি শব্দ দুটি পরস্পরবিরোধী। শিক্ষিত নতুন প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা শাণিত হলেই দেশকে আর পেছনে ফিরতে হবে না।দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত শোভাযাত্রায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান দুদকের স্বাধীনতা ব্যাহত হয় এমন বিল জাতীয় সংসদে পাস না করার আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারলে এবং সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে দেশ থেকে দুর্নীতি দমন করা সম্ভব হবে।দুর্নীতি দমন কমিশনের আয়োজনে কমিশনের কার্যালয় থেকে ওই শোভাযাত্রা বের হয়। কাকরাইল, বিজয়নগর হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে এটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান, কমিশনার এম বদিউজ্জামান, মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ অংশ নেন। গোলাম রহমান দুদকে কর্মরতদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, কেউ এর ব্যত্যয় ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানববন্ধন শেষে শোভাযাত্রাটি হাইকোর্ট, মৎস্য ভবন হয়ে কমিশনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।দিবসটি উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনীর আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও টিআইবি যৌথভাবে দুর্নীতি রোধে বেশ কিছু কাজ করছে। এর মূল উদ্দেশ্য একটি দুর্নীতিবিরোধী সমাজ তৈরি করা। বিশ্ববিদ্যালয় থেকে যেসব তরুণ প্রতিবছর উচ্চশিক্ষা নিয়ে বের হচ্ছেন, তাঁদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তুলতে হবে। টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, নতুন প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা শাণিত হলেই দুর্নীতিবিরোধী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এর আগে ‘স্বাধীনতার গৌরবময় চল্লিশ: চাই সুশাসন-দুর্নীতি প্রতিরোধ’ স্লোগান নিয়ে চারুকলা অনুষদের সামনে টিআইবি আয়োজন করে দুর্নীতিবিরোধী মানববন্ধন। এতে ঢাকা ইয়েস-এর সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও সমমনা সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘সরকার দুর্নীতি দমন কমিশন আইন সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, তা কার্যকর করা হলে কমিশন অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে। তাই স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে আমরা দুর্নীতির বিরুদ্ধে সরকারের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছি।’গতকাল দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০১১-এর বিজয়ী ও বিশেষ মনোনয়নপ্রাপ্ত কার্টুনিস্টদের পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে (১৩-১৮ বছর) যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে হাসিব করিম, সৈয়দ নাফিস সাদিক ও উম্মে মাহ্ফুজা মালিহা। ‘খ’ গ্রুপে (১৯-৩৫ বছর) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে শেখ আসিফুর রহমান, আরাফাত করিম ও মানবেন্দ্র গোলদার। এ সময় কার্টুনিস্ট রফিকুন নবী ও আহসান হাবিব, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরীসহ সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে।