দুদকের হস্তক্ষেপে অবশেষে টাকা ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে শাহজাদপুর উপজেলার দুটি পরীক্ষাকেন্দ্র থেকে চলতি এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়া ৩৮০ জন পরীক্ষার্থীর কাছ থেকে অবৈধভাবে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে। গতকাল বুধবার এই টাকা ফেরত দেওয়া হয়।
একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবদুল কাদের বিশ্বাসকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার সহকারী পরিচালক শেখ গোলাম মওলা বলেন, এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছ থেকে শাহজাদপুর পৌর শহরের বঙ্গবন্ধু মহিলা কলেজ ও সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্র কর্তৃপক্ষ প্রতিটি বিষয়ের জন্য ১১০ টাকা থেকে ১৫০ টাকা করে নেয়। অবৈধভাবে এই টাকা নেওয়ায় পরীক্ষার্থীরা শাহজাদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কাছে অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে কমিটির সভাপতি আবদুল আজিজ দুদকের কাছে লিখিত অভিযোগ করেন। এর পর দুটি পরীক্ষাকেন্দ্রে গিয়ে তদন্তে সত্যতা পাওয়া যায়। পরে আলোচনা সাপেক্ষে দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে এই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ শাহ্ আলী বলেন, কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বেঞ্চ-চেয়ার বানানোর জন্য এই টাকা তোলা হয়েছিল।
শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ হায়দার রেজা তালুকদার বলেন, পরীক্ষার আগে ট্রায়াল ক্লাস নেওয়া হয়। তাই পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল।