চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন না পেয়ে দুদলেই একজন করে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। এ আসনে দুটি দলই বিকল্প প্রার্থী রেখেছে। এ আসনে বিএনপি চারজনকে ও আওয়ামী লীগ দুজনকে মনোনয়নের চিঠি দিয়েছে।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি পাওয়া দুজন হলেন বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান। এখানে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
একই আসনে বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন শিল্পপতি এম এ হান্নান, রিয়াজ উদ্দিন, কাজী রফিকুল ইসলাম ও মো. শাহজাহান। তবে দলীয় মনোনয়ন না পেয়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ হারুনুর রশিদ ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দল দুটির নেতা-কর্মীরা বলেন, এ আসনে আওয়ামী লীগ ও বিএনপির মূল প্রার্থী যথাক্রমে শামছুল হক ও এম এ হান্নান। মনোনয়নের চিঠি পাওয়া অন্যরা বিকল্প প্রার্থী। কোনো কারণে মূল প্রার্থীর কোনো সমস্যা হলে বিকল্পদের মধ্যে কাউকে প্রার্থী করা হবে।
এ আসনে ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।