যশোর পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কর্মচারীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে দুদিন নাগরিক সেবা বন্ধের কর্মসূচি পালন করেছে কর্মচারী ইউনিয়ন।
জেলা প্রশাসক হুমায়ন কবির গতকাল সোমবার কর্মচারী ইউনিয়নের নেতাদের ডেকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। এরপর ঈদ পর্যন্ত কর্মচারী ইউনিয়নের কর্মসূচি স্থগিত করা হয়।
শনিবার থেকে পানি ও আলো ছাড়া পৌর এলাকার সব নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হয়। যে কারণে যশোর শহরের মোড়ে মোড়ে দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনার স্তূপ জমে যায়। আন্দোলনের অংশ হিসেবে কর্মচারী ইউনিয়ন তিন দিন শহরের ময়লা-আবর্জনা অপসারণ না করার কর্মসূচি ঘোষণা করে।
ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ঈদের পরে বিষয়টি দেখা হবে বলে জেলা প্রশাসক কর্মচারী ইউনিয়নের নেতাদের আশ্বস্ত করেন। যে কারণে ঈদ পর্যন্ত কর্মবিরতি স্থগিত ঘোষণা করা হয়েছে।
গত ২২ এপ্রিল শংকরপুর এলাকায় যশোর পৌরসভা পরিচালিত সারথি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর মেয়র মারুফুল ইসলাম, কাউন্সিলর নাজির আহমেদসহ কর্মচারীদের নামে মামলা করেন জমির দাবিদার আসাদুজ্জামান নামের এক ব্যক্তি।