দুদিন পর আহত অবস্থায় ফিরল 'অপহৃত' লিমন
নিখোঁজের দুদিন পর আজ শুক্রবার রিয়াজুল ইসলাম ওরফে লিমন (২১) নামের এক ছাত্র ফিরে এসেছে। লিমন বলেছেন, অপহরণকারীরা তাঁকে নির্যাতনের পর মুক্তিপণ ছাড়াই ছেড়ে দিয়েছে।
লিমনের ফোন পেয়ে পুলিশ ও তাঁর স্বজনেরা আজ শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রিয়াজুল ধানমন্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। তিনি কাঁঠালবাগানে একটি মেসে থাকেন। বাড়ি বরগুনা সদরে।
ধানমন্ডি থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে অপহৃত হন রিয়াজুল। আজ বেলা তিনটার দিকে রিয়াজুল তাঁর স্বজনদের ফোন করে জানান, তিনি যাত্রাবাড়ী থানার সামনে আছেন। এরপর তাঁর স্বজনেরা ধানমন্ডি থানার পুলিশকে খবর দেন। পুলিশ ও স্বজনেরা যাত্রাবাড়ীতে গিয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, আজ রিয়াজুলকে রামপুরা এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশায় উঠিয়ে দেন কয়েকজন যুবক। ওই যুবকেরা ভাড়া মিটিয়ে অটোরিকশা চালককে রিয়াজুলকে যাত্রাবাড়ী এলাকায় পৌঁছে দিতে বলেন। যাত্রাবাড়ী পৌঁছানোর পর রিয়াজুল অটোরিকশা চালকের মোবাইল ফোন থেকে স্বজনদের খবর দেন।
এসআই মাসুদ রানা বলেন, রিয়াজুলের শরীরে মারধরের অসংখ্য চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে আনা হয়েছে। তিনি জানান, নিখোঁজ হওয়ার পর রিয়াজুলের স্বজনেরা একটি অপহরণ মামলা করেছিলেন।
রিয়াজুলের চাচা মাসুদ পারভেজ সাংবাদিকদের জানান, নিখোঁজ হওয়ার পর একটি মোবাইল নম্বর থেকে তিন দফায় তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে রিয়াজুলকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। তবে অপহরণকারীরা অর্থ স্থানান্তরের জন্য ‘বিকাশ’ বা অন্য কোনো অনলাইন মাধ্যমের কোনো নম্বর পাঠায়নি।
হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজুলের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাঁর পরিবারের সদস্যরা সাংবাদিকদের বাধা দেন। সুস্থ হওয়ার পর তাঁরা রিয়াজুলের সঙ্গে কথা বলার অনুরোধ করেন। বিকেল পাঁচটার দিকে প্রাথমিক চিকিৎসা শেষে রিয়াজুলকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন স্বজনেরা।
এ ব্যাপারে জানতে রিয়াজুলের চাচা মাসুদ পারভেজের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। ঘটনার বিস্তারিত জানতে এসআই মাসুদ রানাকে বেশ কয়েকবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
যোগাযোগ করা হলে পুলিশের ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, এখনও বিস্তারিত কিছু জানি না। ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানা যাবে।